উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে পুরাতন কোর্টের সামনে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে কালীবাজার এলাকায় উত্তেজিত হকাররা অবস্থান নিলে সদর থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।প্রাপ্ত তথ্যানুযায়ী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে সিটি কর্পোরেশনের ২০ থেকে ৩০ জন কর্মী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উচ্ছেদ অভিযানের গাড়ি ও ভেকু ব্যবহার করা হয়।অভিযোগ রয়েছে, পূর্বঘোষণা বা আগাম অবহিতকরণ ছাড়াই অভিযান পরিচালনা করে হকারদের গাড়ি ও খাট ভাঙচুর করা হয়। পাশাপাশি হকারদের বিক্রির জন্য রাখা গেঞ্জি, জুতা ও অন্যান্য মালামাল এবং ১০টি সবজিবাহী ভ্যান গাড়ি সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় মালামাল নিয়ে যাওয়ায় বাধা দিলে হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মীদের ধাক্কাধাক্কি হয়।ঘটনার পর ক্ষুব্ধ হকাররা কালীবাজার এলাকায় অবস্থান নেন। পরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও টহল দলের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।অভিযান চলাকালে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব আবু ইউসুফ খান টিপু এবং সিটি কর্পোরেশনের ২০ থেকে ৩০ জন কর্মী।এদিকে, এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে আগামী সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় সদর থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।