উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক স্বপন কুমার পোদ্দার আর নেই। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) সকাল সোয়া ৮টায় মাসদাইর সিটি করপোরেশন মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর ইসলাম ধর্ম গ্রহণ করেন স্বপন কুমার পোদ্দার। ধর্মান্তরের পর তাঁর নাম রাখা হয় হারুন অর রশীদ স্বপন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।