উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রূপগঞ্জ প্রতিনিধি, রূপগঞ্জ ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না রাখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রিপন মিয়া (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা কুলি মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।নিহত রিপন মিয়া পাইস্কা এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে। তিনি ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি এবং পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতা, স্থানীয় আধিপত্য বিস্তার এবং সম্প্রতি অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না রাখা নিয়ে রিপন মিয়ার সঙ্গে একই এলাকার রিফাত কাজীর বিরোধ চলছিল। এর জেরে রোববার রাত ১১টার দিকে তাঁদের মধ্যে বাক্বিতণ্ডা হয়।অভিযোগ রয়েছে, রাত সাড়ে ১১টার দিকে রিফাত কাজীর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল রামদা, ছুরি, লোহার রড ও স্টিলের পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রিপন মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে রিপন মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তিনি মারা যান বলে জানা গেছে।রিপনের বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরদিন সোমবার (১৯ অক্টোবর) পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠায়।নিহত রিপন মিয়ার ছেলে শাওন মিয়া ও শাহিন মিয়ার অভিযোগ, গত ৬ ও ৭ অক্টোবর পাইস্কা এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলের আয়োজক কমিটিতে রিপন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তবে রিফাত কাজী ও তাঁর সমর্থকদের নাম কমিটিতে না থাকায় তাঁরা ক্ষুব্ধ হন।তাঁদের আরও অভিযোগ, অভিযুক্ত রিফাত কাজী ও তাঁর সমর্থকেরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আগে থেকেই রিপন মিয়ার ওপর তাঁরা ক্ষুব্ধ ছিলেন। এসব বিরোধের জের ধরেই এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের সদস্যদের।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে।