উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
হত্যার সাথে শামীম ওসমান, তার পুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান এবং ক্যাডার শাহ নিজাম জড়িত রয়েছে। তারা সহ এর সাথে জড়িত সবাইকে অভিযোগপত্রে (চার্জশিট) যুক্ত করে দ্রুত জমা দেয়ার দাবি উঠেছে আজ বৃহস্পতিবার (৮অক্টোবর) সন্ধ্যায়। মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার শুরু না হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন তারা। নিহতের বাবা অভিযোগ করেছেন, এখন বিএনপির একটি অংশ ওসমান পরিবারের হয়ে এ বিচারকার্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজো পেশ করা হয় নাই। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার এ কর্মসূচী থেকে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান এবং শামীম ওসমানের ঘনিষ্ঠ শাহ নিজামকে ত্বকী হত্যায় অভিযুক্ত করে চার্জশিট আদালতে জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (৮অক্টোবর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বালন অনুষ্ঠানে রফিউর রাব্বি তার বক্তব্যে বিএনপির মধ্যে ওসমান পরিবারের লোক রয়েছে উল্লেখ করে বলেন, তারাই এখন ওসমান পরিবারকে বাঁচাতে ত্বকী হত্যা মামলা বিলম্বিত করছে। তিনি বলেন, ওসমান পরিবার বিদেশে থেকে এদেরই মাধ্যমে এখন ত্বকী হত্যা মামলা বিলম্বিত করছে বলে আমরা মনে করছি। এরা তদন্তকারী সংস্থাকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে রফিউর রাব্বি বলেন, আপনার দলের কারা ওসমান পরিবারের ছায়া হয়ে কাজ করছে তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর নিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।