উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
সরকারি সেবায় দালালনির্ভরতা কমাতে সাধারণত অফিসে নোটিশ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমকে তথ্য প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস সেখানে বেছে নিয়েছে ভিন্ন একটি পথ; জুমার খুতবা।দালালের মাধ্যমে নয়, সরাসরি সরকারি নিয়মে পাসপোর্ট সেবা নেওয়ার বার্তা এবার পৌঁছে দেওয়া হয়েছে মসজিদে মসজিদে। গত শুক্রবার জুমার নামাজের আগে নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে মুসল্লিদের সামনে তুলে ধরা হয়েছে পাসপোর্ট সেবার প্রয়োজনীয় তথ্য।এ উদ্যোগের নেপথ্যে রয়েছেন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন উপপরিচালক আবু নাঈম মাসুম। চলতি বছরের মে মাসে তিনি নারায়ণগঞ্জে যোগ দেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই পাসপোর্ট সেবা নিতে এসে মানুষের হয়রানি ও ভোগান্তি কমাতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে জুমার খুতবার মাধ্যমে সঠিক তথ্য প্রচার অন্যতম।আবু নাঈম মাসুমের উদ্যোগের পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জেলার জামে মসজিদগুলোর খতিব ও ইমামদের কাছে এ বিষয়ে প্রচারের অনুরোধ জানায়। গত ২ অক্টোবর শুক্রবার জুমার নামাজের আগে বিভিন্ন মসজিদে বিষয়টি মুসল্লিদের জানানো হয়।এর বাস্তব উদাহরণও মিলেছে সদর উপজেলার ভূইগড় এলাকায়। গত শুক্রবার সেখানে একটি মসজিদের খতিব জুমার নামাজের আগে পাসপোর্ট সেবা নিয়ে মুসল্লিদের বিভিন্ন তথ্য তুলে ধরেন বলে জানান ওই এলাকার বাসিন্দা ও মুসল্লি কামরুল ইসলাম।কামরুল ইসলাম বলেন, “জুমার নামাজের আগে খতিব সাহেব পাসপোর্ট করার নিয়ম ও সরকারি ফি'র বিষয়ে মুসল্লিদের জানান। দালালের মাধ্যমে পাসপোর্ট করতে গিয়ে যাতে কেউ অতিরিক্ত টাকা না দেন, সে বিষয়েও সতর্ক করা হয়। পাসপোর্ট অফিসে কোনো সমস্যা হলে কোথায় যোগাযোগ করতে হবে, তাও বলা হয়েছে। মসজিদে এ ধরনের সরকারি সেবার তথ্য আগে খুব একটা শুনিনি। এতে যারা পাসপোর্ট করার নিয়মকানুন জানেন না, তাদের জন্য বিষয়টি বেশ কাজে লাগবে।”পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, অফিসের আশপাশে কিছু মধ্যস্বত্বভোগী ও দালাল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। তারা সরকার নির্ধারিত ফি'র চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করার পাশাপাশি পাসপোর্ট অফিসে অনৈতিকভাবে টাকা দিতে হয়; এমন অপপ্রচারও চালাচ্ছেন। এতে সাধারণ মানুষ একদিকে যেমন প্রতারিত হচ্ছেন, অন্যদিকে পাসপোর্ট অফিস সম্পর্কেও ভুল ধারণা তৈরি হচ্ছে।এই পরিস্থিতিতে সরাসরি মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ার জন্য মসজিদকে প্রচারের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়। কারণ শুক্রবার জুমার নামাজে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে উপস্থিত হন।মুসল্লিদের জানানো হয়েছে, সরকারি নির্ধারিত ব্যাংকিং ফি ছাড়া পাসপোর্ট করতে কোনো অতিরিক্ত টাকা লাগে না। আবেদনকারী নিজেই অনলাইনে আবেদন ফরম পূরণ করে নির্ধারিত ব্যাংকে ফি জমা দিয়ে পাসপোর্ট অফিসে যেতে পারবেন।পাসপোর্ট কার্যালয়ে সেবা নিতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হলে কাউকে অতিরিক্ত টাকা না দিয়ে সরাসরি ২০১ ও ২০২ নম্বর কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৭৩৩৩৯৩৩৬ নম্বরে যোগাযোগের কথাও জানানো হয়েছে।হজযাত্রীদের জন্যও দেওয়া হয়েছে বিশেষ তথ্য। তাদের কোনো ধরনের দীর্ঘ সিরিয়াল ছাড়াই এনরোলমেন্ট, ছবি তোলাসহ প্রয়োজনীয় কাজ দ্রুত ও যত্নসহকারে সম্পন্ন করা হয় বলে প্রচারে জানানো হয়েছে।চলতি বছরের মে মাসে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক হিসেবে যোগ দেওয়ার পর আবু নাঈম মাসুম পাসপোর্ট সেবাকে আরও সহজ ও হয়রানিমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছেন। তার এসব উদ্যোগের লক্ষ্য—সেবাগ্রহীতাকে দালালের ওপর নির্ভরশীল না করে সরাসরি সরকারি সেবা নেওয়ার সুযোগ তৈরি করা।এরই ধারাবাহিকতায় পাসপোর্ট সেবার নিয়ম, নির্ধারিত ফি ও অভিযোগ জানানোর সুযোগ সম্পর্কে মানুষকে সরাসরি জানাতে জুমার খুতবাকে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে।এ ধরনের ব্যতিক্রমী পদ্ধতি সরকারি সেবায় মানুষের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে যাঁরা অনলাইনে সরকারি ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তথ্য খোঁজেন না, তাদের কাছেও এভাবে সরকারি সেবার তথ্য পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।সরকারি সেবার তথ্য অফিসের চার দেয়ালের বাইরে নিয়ে গিয়ে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগে একদিকে যেমন দালালচক্রের অপপ্রচার মোকাবিলার চেষ্টা রয়েছে, অন্যদিকে রয়েছে সেবায় স্বচ্ছতা আনার বার্তা।নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার মসজিদগুলোতে পাসপোর্ট সেবার তথ্য প্রচারের ঘটনা তাই শুধু একটি প্রচারণা নয়; সাধারণ মানুষকে সরকারি সেবার সঙ্গে সরাসরি যুক্ত করার ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমী উদ্ভাবনী উদ্যোগ।