উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন গোকুলদাসবাগ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, নারায়ণগঞ্জ। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বন্দর থানার গোকুলদাসবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কামরুল হাসান (২৯): নেত্রকোনার মদন থানার কাইটাল এলাকার মৃত মহিম উদ্দিনের ছেলে ও মোঃ মিজানুর রহমান (২৭): বন্দর থানার গোকুলদাসবাগ এলাকার মোঃ মাসুক ভূঁইয়ার ছেলে। এসআরবি-১১ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এসআরবি-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।