উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে টেক্সটাইল ও পোশাক খাতে বাণিজ্য এবং ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেএমইএর ঢাকা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, পণ্য সংগ্রহের সুযোগ সম্প্রসারণ এবং যৌথ ব্যবসায়িক কার্যক্রমের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল প্রস্তুতকারকদের জন্য পাকিস্তান থেকে সুতা, কাপড়, ডেনিম, রং, রাসায়নিকসহ বিভিন্ন উপকরণ সংগ্রহের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ক্ষেত্রে পণ্যের প্রতিযোগিতামূলক মূল্য ও মান, নির্ভরযোগ্য সরবরাহ এবং বাণিজ্যিক প্রতিশ্রুতি যথাযথভাবে পূরণের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত প্রতিনিধিরা।এ ছাড়া দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন, বাণিজ্য মেলায় অংশগ্রহণ এবং ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে উভয় পক্ষের একজন করে সমন্বয়কারী মনোনয়ন এবং নিয়মিত ব্যবসায়িক বৈঠক আয়োজনের প্রস্তাবও উঠে আসে।বৈঠকে বিকেএমইএর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সিআইপি, পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া, প্রকৌশলী মো. বেলায়েত হোসেন রিপন, রাজীব চৌধুরী ও মো. মনিরুজ্জামান।পাকিস্তান হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন হাইকমিশনার ইমরান হায়দার এবং বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক অ্যাটাশে জাইন আজিজ।