উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শরীরচর্চা বিষয়ক সংগঠন ‘সোনারগাঁও রানার্স’-এর উদ্যোগে আয়োজিত ম্যারাথনে অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় সোনারগাঁও উপজেলার পানাম নগর আমিনপুর মাঠ থেকে সাড়ে ৭ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় শুরু হয়। দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করার পর বালিয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছালে টিপু সুলতান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।তাৎক্ষণিকভাবে ইভেন্টের মেডিকেল টিমের সহায়তায় তাকে দ্রুত সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে মদনপুর আল বারাকা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আল বারাকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ইভেন্টের মূখ্য আয়োজক শিমুল ভূইয়া বলেন, সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬ প্রতিযোগিতায় সারাদেশ থেকে আসা প্রায় ৬০০ জন দৌড়বিদের সঙ্গে টিপু সুলতানও অংশ নিয়েছিলেন। তার অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং আয়োজক কমিটির পক্ষ থেকে টিপু সুলতানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।নিজের ব্যক্তিগত সহকারীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।