উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাদক ব্যাবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর আহত ডালিম (৩৬) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে বুধবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় হামলার শিকার হন ডালিম।নিহত ডালিম (৩৬) বন্দর থানার আলীশাহরদি এলাকার মৃত জসীমউদ্দীনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একদম সামনেই এ নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত ডালিম বেশ কিছুদিন যাবত স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘ব্ল্যাক জনি’র অনুসারী ছাত্রলীগ নেতা রিয়ান এবং তার সহযোগী হাবিবকে (২০) এলাকায় মাদক বিক্রিতে বাধা দিয়ে আসছিলেন। মাদক বিক্রিতে ক্রমাগত বাধার কারণে তাদের মধ্যে তীব্র শত্রুতার সৃষ্টি হয়।এরই জের ধরে বুধবার রাতে ডালিম পুনরায় মাদক বিক্রিতে বাধা দিলে স্থানীয় ছাত্রলীগ নেতা রিয়ানের সরাসরি নির্দেশে শুভকরদী এলাকার হাবিব ধারালো ছুরি দিয়ে ডালিমকে লক্ষ্য করে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে। এ সময় ডালিমের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়ে।গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন ডালিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট ভোর ৫টা ২১ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, মাদক সংক্রান্ত সমস্যা হয়েছে জানতে পেরেছি। এটা তদন্ত চলছে। আর ডালিম ভোরে ঢাকা মেডিকেলে মারা গেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের নাম পরিচয় পাওয়া গেছে তবে এখনও নিশ্চিত বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।