উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
টানা চার দিনের ভারী বর্ষণে নারায়ণগঞ্জের ফতুল্লা পুলিশ লাইন সংলগ্ন আফাজ নগর এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে এলাকার অধিকাংশ সড়ক ও অলিগলি। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। নিত্যদিনের কাজ, স্কুল-কলেজ ও অফিসে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, শহরের আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। চলমান টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকেই প্রধান সড়কে পৌঁছাতে ভ্যানগাড়ির সাহায্য নিচ্ছেন।এলাকাবাসী জানান, প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের শিকার হতে হয়। জলাবদ্ধতার কারণে শিশুদের স্কুল-কলেজে যাওয়া, চাকরিজীবীদের অফিসে পৌঁছানো এবং জরুরি প্রয়োজনে চলাচলও কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সমস্যাটি সমাধানের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, আমি প্রায় সাত-আট বছর ধরে এই এলাকায় বসবাস করছি। প্রতি বছর বর্ষা এলেই একই ধরনের দুর্ভোগে পড়তে হয়। একটু বেশি বৃষ্টি হলেই পুরো এলাকা পানিতে ডুবে যায়। আমাদের চলাচল থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা সবকিছুই ব্যাহত হয়।এলাকাবাসীর দাবি, স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বিদ্যমান ড্রেন সংস্কার এবং দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। তাদের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে এবং জনদুর্ভোগ বহুগুণে বেড়ে যাবে।