উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত সিটি পার্কের বিদ্যুৎ সংযোগ বকেয়া বিলের কারণে সাময়িকভাবে বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। একই সঙ্গে পার্কের প্রধান ফটকে সিলগালা করা হয়। তবে কয়েক ঘণ্টা পর আবারও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে দেওয়া হয়।রোববার (২৮ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।জানা যায় সিটি পার্কের নামে প্রায় ৬০ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বিল পরিশোধ না হওয়ায় ডিপিডিসির একটি দল পার্কে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং প্রধান ফটকে সিলগালা করে দেয়।এ ঘটনার পর পার্ক এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিকেলে সংযোগ বিচ্ছিন্ন থাকলেও সন্ধ্যার দিকে ডিপিডিসির কর্মীরা পুনরায় সেখানে গিয়ে বিদ্যুৎ সংযোগ চালু করে দেন।এ প্রসঙ্গে জানতে চাইলে নারায়ণগঞ্জ পশ্চিম জোনের সুপারভাইজার সাইফুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন সিটি পার্কের বকেয়া বিদ্যুৎ বিলের জন্য বিদ্যুৎ লাইন কাটা হয়েছে। যার পরিমান প্রায় ষাট লাখ টাকা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, বিলটা মূলত সিটি করপোরেশনের নামে। যারা সুইমিংপুল বা রেস্টুরেন্ট চালায় তারা সিটি করপোরেশনকে বিল পরিশোধ করে সিটি করপোরেশন আমাদের বিল পরিশোধ করে। তারা সাধারণত বছরে দুইবার বিল পরিশোধ করে থাকে। জুন ও ডিসেম্বরে। বর্তমান প্রশাসক (অ্যাড. সাখাওয়াত হোসেন খান) আসার পর উনি বলেছেন প্রতি মাসের বিল প্রতি মাসে দিবেন আর সাথে বকেয়া থেকেও বিল দেয়া হবে। লাইন কাটার পূর্বে নোটিশ দেয়া হয়েছে কিনা জিজ্ঞাস করলে তিনি বলেন, লিখিত কোন নোটিশ দেয়া হয়নি তবে মৌখিক ভাবে বলা হয়েছে।ছয় বা বারো মাসে ষাট লাখ টাকা বকেয়া কিভাবে জমে জিজ্ঞাস করলে কোন উত্তর দিতে পারেনি এই কর্মকর্তা। জুন মাসের আরও দুইদিন সময় আছে তাই আবার বিদ্যুৎ লাইন দেয়া হয়েছে বলে জানান তিনি। অপর দিকে সিটি পার্কের বিদ্যুৎ লাইন কাটা হয়েছে এই বিষিয়ে জানেন কি-না জিজ্ঞাসা করলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম জানান, আপনার কাছেই প্রথম শোনলাম। আর বকেয়া ষাট লাখ টাকার বিষয়েও আমার জানা নেই।এদিকে বিষয়টি নিয়ে বক্তব্য জানতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।স্থানীয়দের দাবি, নগরবাসীর বিনোদনের অন্যতম স্থান হিসেবে পরিচিত সিটি পার্কের বিদ্যুৎ বিল বকেয়া ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান এবং পার্কের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।উল্লেখ্য দেওভোগ এলাকার সিটি পার্কটি দীর্ঘদিন ধরে নগরবাসীর বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনেও পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।