উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন বিভাগ ও অর্থনীতি বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত “পোস্ট বাজেট সিম্পোজিয়াম ২০২৬”-এ প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।অনুষ্ঠানে তিনি প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-এর বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত, রপ্তানি প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। একই সঙ্গে দেশের পোশাক শিল্পের বর্তমান সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নের জন্য কার্যকর ও সময়োপযোগী নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।মোহাম্মদ হাতেম বলেন, এবারের বাজেট সাম্প্রতিক সময়ের অন্যতম ইতিবাচক ও বাস্তবমুখী বাজেট। বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার সক্ষমতা এ বাজেটের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।তবে তিনি নগদ সহায়তা (ক্যাশ ইনসেনটিভ) সংক্রান্ত কর ব্যবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শিল্পখাতের পক্ষ থেকে পূর্বে নগদ সহায়তার ওপর আরোপিত ১০ শতাংশ কর কমানোর দাবি জানানো হলেও বাস্তবে পরোক্ষভাবে করের বোঝা আরও বেড়েছে। তার মতে, নগদ সহায়তা কোনো আয় নয়; বরং এটি রপ্তানিমুখী শিল্পকে উৎসাহিত করতে সরকারের দেওয়া একটি ভর্তুকি। অথচ এটিকে অন্যান্য আয়ের সঙ্গে যুক্ত করে কর আরোপ করায় উদ্যোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।তিনি এ বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নগদ সহায়তার ওপর করহার চূড়ান্তভাবে ৫ শতাংশ নির্ধারণ করা হলে শিল্পখাত উপকৃত হবে এবং রপ্তানি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য ড শরিফ নাফে আস-সাবের। প্যানেল আলোচনায় আরও অংশ নেন জালাল আহমেদ, ড. নাসিরুদ্দিন আহমেদ, ড. ইফতিখার মোস্তফা এবং এ কে এম সোহেল।সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী বক্তারা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।