উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। সামান্য বাতাস কিংবা গুড়ি গুড়ি বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও শিল্প-কারখানার শ্রমিকরা।দিনভর বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও চালু হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, গত কয়েক মাস ধরেই এমন পরিস্থিতি চলছে, কিন্তু কার্যকর কোনো সমাধান দেখা যাচ্ছে না।স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। তবে গ্রাহকদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ও সমন্বয়হীনতার কারণেই বিদ্যুৎ পরিস্থিতির এতটা অবনতি হয়েছে। নিয়মিত লোডশেডিংয়ের পাশাপাশি হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় নিত্যদিনের কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম বাদল বলেন, “দিন-রাতে কয়েক দফা বিদ্যুতের আসা-যাওয়ার কারণে নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এছাড়া গরমে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।”তিনি আরও বলেন, “শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দিয়েছে। বিদ্যুতের এমন অনিশ্চয়তা অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলছে।”এদিকে বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, রাতে বিদ্যুৎ চলে গেলে ঘুমানো দায় হয়ে পড়ে। অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পানির সংকটও দেখা দিচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিক্রয় কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং ছোট উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বন্দর জোনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোকশেদুল ইসলাম বলেন, “আগের তুলনায় বর্তমানে আমরা অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। এ কারণে দিনের বেশিরভাগ সময় লোডশেডিং দিতে হচ্ছে। মূলত গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুতের পরিস্থিতিরও উন্নতি হবে।”তিনি আরও বলেন, “চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়েই লোডশেডিং করা হচ্ছে। পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।”এদিকে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন বন্দরবাসী। তাদের দাবি, শিল্পাঞ্চল হিসেবে পরিচিত বন্দরে দীর্ঘমেয়াদি লোডশেডিং চলতে থাকলে উৎপাদন ব্যবস্থা ও সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সংকটে পড়বে।