উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীদের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।বুধবার (২৪ জুন) নগরীর চাষাঢ়াস্থ হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।অনুষ্ঠানে চাকরি প্রত্যাশী যুবকদের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত গ্রহণ এবং প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালনা করে।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নে সরকার ও বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। জব ফেয়ারের মতো আয়োজন চাকরি প্রত্যাশীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে।তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, দক্ষতা ও কর্মদক্ষতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।অনুষ্ঠানে পিকেএসএফের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উন্নয়নকর্মী, চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী এবং সুধীজন উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।