উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় টানা তিন থেকে চার দিন ধরে বাসাবাড়ি ও আশপাশের বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ থাকায় সর্বত্র ময়লার স্তূপ জমে গেছে। এতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বর্জ্য অপসারণ না হওয়ায় সড়ক, অলিগলি ও আবাসিক এলাকার বিভিন্ন স্থানে ময়লার স্তূপ সৃষ্টি হয়েছে। দুর্গন্ধের কারণে চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিশু, বয়স্ক এবং রোগীদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।বর্জ্য সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীরা জানান, আগে ঝালকুড়ি ডাম্পিং স্টেশনে বর্জ্য ফেলা হলেও বর্তমানে সেখানে বর্জ্য নেওয়া হচ্ছে না। এ নিয়ে গত দুইদিন আগে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন। তাদের ভাষ্য, এখন পর্যন্ত বিকল্প কোনো ডাম্পিং স্থানের ব্যবস্থা না হওয়ায় নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।এদিকে দ্রুত এ সংকট নিরসনের দাবি জানিয়েছেন নগরবাসী। তারা বলেন, বর্জ্য দীর্ঘ সময় পড়ে থাকলে দুর্গন্ধের পাশাপাশি বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন,বর্জ্য অপসারণে সাময়িক কিছু জটিলতা তৈরি হয়েছে। সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই নিয়মিতভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে।